কৃষি বার্তা

ব্রেস্ট ক্যান্সার: দরিদ্র নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা জরুরি

  মোঃ শামীম মিয়া ১৩ আগস্ট ২০২৫ , ১২:৫৯:০৪ প্রিন্ট সংস্করণ

মোঃ শামীম মিয়া, কলামিস্ট ও শিক্ষার্থী, ফুলছড়ি সরকারি কলেজ, গাইবান্ধা
মোঃ শামীম মিয়া, কলামিস্ট ও শিক্ষার্থী, ফুলছড়ি সরকারি কলেজ, গাইবান্ধা

বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিবছর হাজারো নারী আক্রান্ত হলেও চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ২০২৪ সালের ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ৭০–৯০ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠতে পারেন, কিন্তু সচেতনতার অভাব, সামাজিক লজ্জা এবং চিকিৎসার অপ্রাপ্যতা রোগ নিরাময়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নগরায়ণ, জীবনধারার পরিবর্তন, খাদ্যাভ্যাসে ভিন্নতা, পরিবেশ দূষণ, বংশগত কারণ এবং কম শারীরিক পরিশ্রম রোগ বৃদ্ধির জন্য দায়ী। উদ্বেগজনক বিষয় হলো—ক্রমে কম বয়সী নারীরাও আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসা ব্যয় কয়েক লাখ টাকা পর্যন্ত হওয়ায় নিম্ন আয়ের পরিবারের পক্ষে তা বহন করা অসম্ভব। সরকারি হাসপাতালগুলোতে যন্ত্রপাতি, ওষুধ এবং চিকিৎসকের অভাব, দীর্ঘ অপেক্ষা ও জটিল প্রক্রিয়া রোগীদের জীবন আরও ঝুঁকিতে ফেলে। এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও গভীর—আক্রান্ত নারী যদি পরিবারে প্রধান উপার্জনকারী হন, তবে গোটা পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে।

করণীয়

  • দরিদ্র ও অসহায় নারীদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে ‘জাতীয় ক্যান্সার তহবিল’ গঠন

  • জেলা ও উপজেলা পর্যায়ে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন

  • উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি

  • মোবাইল স্ক্রিনিং ইউনিট চালু

  • স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি

  • ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কুসংস্কার দূরীকরণ

এখনই সময়, দেশের সর্বত্র বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার উদ্যোগ নেওয়ার। দরিদ্র নারীদের জীবন বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ রক্ষা। দেরি হলে আমরা মানবিকতার ক্ষেত্রে ভয়াবহ ব্যর্থতার মুখে পড়ব।

লেখক: মোঃ শামীম মিয়া, কলামিস্ট ও শিক্ষার্থী, ফুলছড়ি সরকারি কলেজ, গাইবান্ধা

আরও খবর

Sponsered content