প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৬ , ২:২৭:০৫ প্রিন্ট সংস্করণ
১৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতারণা, অর্থ আত্মসাৎসহ প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক স্ত্রী মোছা. সাথী খাতুনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে তিনি এ মামলার আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বাদী হিরো আলমের বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর আসামি হলেন- হিরো আলমের কাজের দুই সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।
মামলার বিবরণ থেকে জানা যায়, হিরো আলম একজন কনটেন্ট ক্রিয়েটর। সাথী হিরো আলমের কাছে গিয়ে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। কাজ না দিলে না খেয়ে মরে যাবে মর্মে জানায়। পরে মিউজিক ভিডিওতে কাজের সুযোগ দেন হিরো আলম। বেশ কিছু মিউজিকে কাজ করার পর একদিন রামপুরার অফিসে গিয়ে হিরো আলমকে সাথী ব্ল্যাকমেইল করে বিয়ের জন্য জোরাজোরি করে।
আগের বিয়ের কথা গোপন করে হিরো আলমকে গত ৪ এপ্রিল বিয়ে করেন সাথী। মিউজিক ভিডিওতে কাজ করা যাবে মর্মে সাথীকে জানান হিরো আলম। পরে সাথী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে হিরো আলমের কাছ থেকে শাড়ি, কাপড় কেনাবাবদ বিভিন্ন সময়ে তিন লাখ টাকা দাবি করেন সাথী। সংসারের সুখের কথা ভেবে সাথীকে টাকা দেন তিনি।
গত ২২ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান হিরো আলম। তিন আসামি ফোন করে সাজগোজ এবং মিউজিক ভিডিওর জন্য দুই লাখ টাকা দাবি করেন। দেশে এসে দেবেন বলে তাদের জানান হিরো আলম। দেশে এসে হিরো আলম জানতে পারেন যে সে সেলিম ও মহিদুলের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তারা টাকা দাবি করেন।
গত ১৭ আগস্ট তাদের পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই টাকা ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেন। পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর সাথীকে তালাক দেওয়ার পর তিন আসামি মিলে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় গেল ১৬ অক্টোবর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। আসামিরা গত ১২ অক্টোবর সোস্যাল মিডিয়াতে এসে সরাসরি বলেন, হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে জনসম্মুখে লাইভ-এ এসে বিষ খাবেন। হিরো আলমকে জেলের ভাত খাওয়াবেন মর্মে হুমকি দেন তারা।















