সারাদেশ

কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সভায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

  তাপস কুণ্ডু, ঝিনাইদহ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী রাশেদ খান–এর উপস্থিতিতেই সংঘর্ষের সূত্রপাত হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানা মোড় এলাকায় অবস্থিত রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে একটি সভা চলছিল। সভা চলাকালে নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় নেতাকর্মীদের একটি অংশ পাশের কালীগঞ্জ থানা চত্বরে ঢুকে পড়ে। পরে সেখানে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই পুলিশ কনস্টেবলসহ বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।

ঘটনার বিষয়ে রাশেদ খান দৈনিক মতপ্রকাশকে  বলেন, “আমি কালীগঞ্জে এসেছি শুনে অনেক নেতাকর্মী আমার সঙ্গে দেখা করতে কার্যালয়ে আসেন। এ সময় নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন দৈনিক মতপ্রকাশকে বলেন, “থানার সামনেই ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের নির্বাচনী কার্যালয়। সেখানে বিএনপির নেতাকর্মীদের সভা চলছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে এক পক্ষ থানায় ঢুকে পড়লে অপর পক্ষও থানা এলাকায় প্রবেশ করে হামলা চালায়। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর

Sponsered content