প্রতিনিধি ২৮ জুলাই ২০২৬ , ১২:১২:১৫ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি শক্তিশালী আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘সৌদিয়া ও এইচএসবিসি: বৈশ্বিক সংযোগের শক্তি—বাংলাদেশে সৌদিয়ার পথচলা উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের কাজ চলছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার এই যাত্রায় তিনি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও কৌশলগত বিনিয়োগকারীদের স্বাগত জানান।
বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের দীর্ঘ পথচলার প্রশংসা করে পর্যটনমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি কেবল একটি এভিয়েশন সংস্থা নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের এক মজবুত সেতুবন্ধন। এটি প্রবাসী বাংলাদেশি কর্মী এবং হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপদ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়াসহ সৌদিয়া ও এইচএসবিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন জোরদারের পাশাপাশি বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।





















