সারাদেশ

সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান

  মো. আব্দুল্লাহ আল মামুন, সালথা উপজেলা প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ , ১২:০৭:০৯ প্রিন্ট সংস্করণ

‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ায় চার শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও আপৎকালীন সময়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।

ইউসুফদিয়া আব্দুল আলী ও নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম ও সহকারী শিক্ষক সুমন পাল।

এ সময় ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহসাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান ও দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) বলেন, ‘ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী এ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

আরও খবর

Sponsered content