প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১২:২৩:৩৩ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি পার্ক ও ঐতিহাসিক বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্পের অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে বাংলাদেশের স্বনামধন্য স্থাপত্য প্রতিষ্ঠান ‘ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড’। প্রতিষ্ঠানটি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA) প্রবর্তিত ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘রিজিওনাল উইনার’ হিসেবে এই সম্মাননা অর্জন করেছে।
গত ৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের বার্ষিক সম্মেলনে ‘ভিত্তি’-র পক্ষে জ্যেষ্ঠ স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি ইশতিয়াক জহির আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন।
একসময় অবৈধ দখল, দূষণ ও চরম অব্যবস্থাপনায় অস্তিত্ব সংকটে পড়া বাবুরাইল খালটি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে পুনরায় নতুন রূপ পায়। পরিবেশবান্ধব ও টেকসই পরিকল্পনার আওতায় ঐতিহ্যবাহী এই জলপথকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি ওয়াকওয়ে, ঘাট, ভাসমান ডেক এবং সবুজায়নের মাধ্যমে এটি নাগরিকদের জন্য একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক জনপরিসরে (Public Space) রূপান্তর করা হয়েছে।
কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ মূলত এমন সব স্থাপত্য ও নগর পরিকল্পনাকে স্বীকৃতি দেয়, যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে সক্ষম হয়।
নগর রূপায়ণে শুধু কংক্রিটের আধুনিকায়ন নয়; বরং খাল-বিল, পরিবেশ ও সাধারণ মানুষের বাসযোগ্য স্থান তৈরি করা যে নগর পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ—বাবুরাইল খাল পুনরুদ্ধার প্রকল্প তারই এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে রইল। দেশের স্থাপত্য শিল্প ও পরিবেশবান্ধব নগর উন্নয়নে এই স্বীকৃতি এক নতুন মাইলফলক।















