অর্থ-বাণিজ্য

ফতুল্লায় দোকান ভাড়া নিয়ে বিরোধে বাড়িওয়ালার বাড়িতে বোমা হামলা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ১২:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। রবিবার (২ নভেম্বর) বিকেলে শহরের মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাড়ির মালিক শাহজালালকে দোকান ছাড়ার কথা জানান ভাড়াটিয়া হাসিনা বেগম। তিনি নিজের জামানতের ৭০ হাজার টাকা ফেরত চান। বাড়িওয়ালা টাকা ফেরত দিতে দশ দিনের সময় চাইলে গত ৩১ অক্টোবর দুপুরে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি তখন মীমাংসা হয়।

তবে দুই দিন পর রবিবার দুপুরে হাসিনা বেগমের ভাই আলমগীরমিঠু গলাচিপা এলাকা থেকে ১৫–২০ জন বহিরাগত নিয়ে এসে মাসদাইর বাজার এলাকায় শাহজালালের বাড়ির সামনে কয়েকটি চকোলেট বোমা বিস্ফোরণ ঘটায় এবং বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই কাজী ফেরদৌসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত চকোলেট বোমা উদ্ধার করে।

ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫–২০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content