প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ১:০৫:০৪ প্রিন্ট সংস্করণ
কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে তৃতীয় বিভাগীয় দল তালাভেরা দে লা রেইনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন। বুধবারের এই রোমাঞ্চকর ম্যাচে জয়ের মাধ্যমে কোপা দেল রের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোস।
ফরাসি তারকার দুই গোলের সঙ্গে ডিফেন্ডার মানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোল মিলিয়ে রিয়ালের জয় নিশ্চিত হয়। যদিও ম্যাচের শেষ দিকে নাহুয়েল অ্যারোইও ও গনসালো দি রেনজোর দুটি গোল রিয়ালের জন্য কিছুটা দুশ্চিন্তা তৈরি করেছিল, তবে উত্তাল দর্শকপূর্ণ মাঠে শেষ পর্যন্ত জয় ধরে রাখে তারা।
এমবাপ্পে চলতি ২০২৫ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যাচের আগে ৫৬ গোল করেছিলেন। এই জোড়া গোলের পর তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮-এ। ফলে তিনি এখন রিয়াল মাদ্রিদের হয়ে এক বর্ষপঞ্জি বছরে সর্বোচ্চ ৫৯ গোল করার ক্রিস্টিয়ানো রোনালদোর (২০১৩) রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে।
চলতি বছরে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে-শনিবার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে সংগ্রামরত সেভিয়ার বিপক্ষে। সেই ম্যাচেই পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগ থাকবে এমবাপ্পের সামনে।















