অপরাধ

কাশিয়ানীতে গৃহবধূকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

  শেখ শোভন আহমেদ ১৪ জানুয়ারি ২০২৬ , ১১:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজিবাইকে করে বোনের বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি এক সন্তানের জননী বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোমবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি গ্রহণ করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী অভিযুক্তরা হলেন—খায়েরহাট গ্রামের খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের মৃত শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) এবং জঙ্গলমুকুন্দপুর গ্রামের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়িতে যাওয়ার পথে ঘোনাপাড়া বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ভবনে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে অভিযুক্তরা তাকে যৌন নির্যাতনের শিকার করে বলে অভিযোগ করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর

Sponsered content