অপরাধ

আদালতের সাজা এড়িয়ে আত্মগোপন, শেষ পর্যন্ত পুলিশের জালে

  নওগাঁ প্রতিনিধি: ৩১ মে ২০২৬ , ১২:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ

 

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ রানাকে (৩১) গ্রেপ্তার করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মো. মকছেদ আলী শাহের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানায় দায়ের করা সিআর-২৫৭/২৪ নম্বর চেক জালিয়াতি মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মাসুদ রানাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থেকে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা (কনভিকশন ওয়ারেন্ট) জারি করলে তা কার্যকরের জন্য মান্দা থানায় পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মান্দা থানা পুলিশের একটি দল বাঙালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি আটক হন।

শুক্রবার দুপুরে তাকে নওগাঁ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আদালতের জারি করা সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “অর্থনৈতিক অপরাধ ও চেক জালিয়াতির মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা সবসময় তৎপর রয়েছি।”

আরও খবর

Sponsered content