মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৫ , ৭:১৩:০৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামে বুধবার বিকেলে ভয়াবহ সংঘর্ষে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে অন্তত ১০ জনকে মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সৌদি আরবে একই গ্রামের ধলাই মিয়ার ছেলের সঙ্গে হেলাল মেম্বারের লোকজনের ভিসা জটিলতা নিয়ে বিরোধ বাধে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে।
বুধবার বিকেলে শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত একশজন আহত হন। খবর পেয়ে ওসি শহিদ উল্লাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামানোর সময় ওসি শহিদ উল্লাহ পায়ে আঘাতপ্রাপ্ত হন।
আহতদের মধ্যে রয়েছেন—রাসেল মিয়া (১৮), রাশেদ মিয়া (১৮), বাবুল মিয়া (৬০), মন্নান মিয়া (২৭), ইছব মিয়া (৩৫), জালাল উদ্দিন (৩৫), শাহ আলম (৪০), ইউনুছ মিয়া (৬০), লিটন মিয়া (৩৫), রহমত উল্লাহ (২৪), জালাল মিয়া (২৬), সুন্দর আলী (৪২), নয়ন মিয়া (১৬), আদম খা (৩০), ফারুক মিয়া (৫০), শরীফ উদ্দিন (৫০), ছোয়াব মিয়া (৪০), ছায়েদুল (৪০), চুন্নু মিয়া (৫৫), জলফু মিয়া (৬১), শাকিল মিয়া (২০), শাহাব উদ্দিন (৫১), নুরুল হক (৫০), সাগর (১৬), পাবেল (২৪), দুলাল মিয়া (৪৫), রাশেদ মিয়া (১৫), মনটু মিয়া (৫০), মিরাজ মিয়া (২২) ও সোহরাব (৩৫)।
ওসি শহিদ উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।”















