বাকৃবি প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৬ , ৮:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশে ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সংঘর্ষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে, তাঁদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণ সংগ্রহ করা হবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কাছে থাকা তথ্য-প্রমাণ সংগঠনটির দায়িত্বশীল নেতাদের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগৃহীত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। প্রতিহিংসা বা হয়রানির রাজনীতিতে বিশ্বাস না করলেও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং তাঁদের যেকোনো ধরনের পুনর্বাসন প্রচেষ্টা রুখে দিতে ছাত্রদল কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।





















