মুহাম্মদ সোহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। ৩ জানুয়ারি ২০২৬ , ৭:৫৬:০৯ প্রিন্ট সংস্করণ
দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল ২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত এ পরীক্ষা বিকেল ৩টা পর্যন্ত চলে।
এর আগে দুপুর ১টা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ শুরু হয়। নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এ বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন সংখ্যা তিন হাজার ৭০১টি। এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে প্রায় ২৪ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্ব পালন করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যা চলতি বছর কৃষি গুচ্ছের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।















