অপরাধ

চট্টগ্রামে ডিবির অভিযানে ২৪ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

  আবু হানিফ রানা, চট্রগ্রাম ব্যুরো ১১ মে ২০২৬ , ৩:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রামে আবারও বড় ধরনের মাদক চালান জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

রবিবার ভোরে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় এন. মোহাম্মদের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এবং এসআই মোঃ শওকত ইমাম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপ (চট্টঃ মেট্রো-ন-১২-০৬২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালক আবছার মিয়া (২৬) ও হেলপার জামাল হোসেন (৩৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে পিকআপের পেছনের অংশে বিশেষভাবে তৈরি গোপন ক্যাবিনেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৬০টি পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। পুলিশ আরও জানায়, চালানটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। গ্রেফতার দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর হয়েছে। পাশাপাশি এ ঘটনার পেছনে কোনো বড় মাদক সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনসাধারণের সহযোগিতায় চট্টগ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যেই আমরা কাজ করছি।”

আরও খবর

Sponsered content