শিক্ষা ও শিক্ষাঙ্গন

মানসম্মত উচ্চশিক্ষায় জোর দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণ শুরু

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ১:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ছয় দিনব্যাপী ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট (ফাউন্ডেশন) ট্রেনিং প্রোগ্রাম’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে এফটি-এন৯ ব্যাচের বিভিন্ন বিভাগের ২৭ জন নবনিযুক্ত শিক্ষক অংশগ্রহণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বিএসির সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি এবং ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কের (বিএনকিউএফ) সাথে পাঠ্যক্রমের সামঞ্জস্য রাখার গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নবনিযুক্ত শিক্ষকদের একাডেমিক সততা, গবেষণা ও ধারাবাহিক মানোন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আইকিউএসির পরিচালক এম. আজিজুল হক জানান, ইউজিসি ও বিএসির মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত এই প্রশিক্ষণে একাডেমিক নীতিমালা, আধুনিক পাঠদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল ও গবেষণা নৈতিকতা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্টারেক্টিভ সেশন ও কর্মশালার মাধ্যমে সমৃদ্ধ এই আয়োজনের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সুব্রত চৌধুরী।

আরও খবর

Sponsered content