ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার, মাদারীপুর ১৬ মে ২০২৬ , ৮:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে তারা দেশে ও বিদেশে নিজেদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
শনিবার সকালে কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের সন্তানেরা শিক্ষিত হবে এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করে বাংলাদেশ ও দেশের বাইরে যেখানে কর্মের জন্য যাবে, সেখানে নিজের যোগ্যতায় কাজ খুঁজে নিতে পারবে এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের সভাপতিত্বে এবং রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির সুপারিনটেনডেন্ট মনির হোসেন আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সমাজসেবক মামুন হোসেন বেপারী, রমজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মোল্লাসহ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




















