সারাদেশ

দেবহাটায় সমবায় মডেল গ্রাম প্রকল্পের আওতায় ৩০০ পরিবার পেল দেড় কোটি টাকার ঋণ

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ১৩ জুলাই ২০২৬ , ৮:০৭:১২ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরার দেবহাটায় সমবায় অধিদপ্তরের বাস্তবায়নাধীন “সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা (পাইলট) প্রকল্প”-এর আওতায় পারুলিয়া মডেল গ্রাম সমবায় সমিতির উপকারভোগী সদস্যদের মাঝে ঋণের চেক ও বিভিন্ন ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে প্রকল্প দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক হেলাল উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. সেলিম ফকির বলেন, সারাদেশের ১২টি উপজেলার ১২টি গ্রাম নিয়ে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রসার এবং প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আদর্শ গ্রাম গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ৩০০টি পরিবারের মাঝে মোট দেড় কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার।

আরও খবর

Sponsered content