মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৬ , ১২:০৭:১৭ প্রিন্ট সংস্করণ
সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স (ACMS-২০২৬)’ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।
আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে অংশ নেবেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। তারা পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করা অত্যন্ত গর্বের বিষয়। এটি যেমন শিক্ষার্থীদের জন্য অর্জন, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্যও সম্মানের।”
গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণামূলক আয়োজনে অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করে এবং গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করে।”
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, “আমাদের বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন শিক্ষার্থী ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিচ্ছে—এটি অত্যন্ত আনন্দের। আশা করি ভবিষ্যতেও তারা এভাবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে বিভাগের সুনাম বয়ে আনবে।”
তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মোট চারটি গবেষণাকর্ম কনফারেন্সে উপস্থাপন করবেন। এ ছাড়া শিক্ষার্থীদের ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন সহায়তায় স্পন্সর করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।




















