মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৯:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলায় প্রথমবারের মতো কলা গাছ থেকে ফাইবার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শখের বসে স্থানীয় চার তরুণ উদ্যোক্তা—শানাউল কবির (শামিম), আব্দুস সালাম, স্বপন ও হাসমত আলী (ময়না)—যৌথভাবে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেন।
উদ্যোক্তারা মাঠ থেকে কলার গাছ সংগ্রহ করে তা কেটে কোষ ছাড়িয়ে নেন। এরপর আধুনিক মেশিনের মাধ্যমে গাছের আঁশ আলাদা করা হয়। পরে তা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় উচ্চমূল্যের ফাইবার।
উদ্যোক্তারা জানান, কলা গাছের পূর্বে অপ্রয়োজনীয় বলে বিবেচিত অংশ থেকেই এসব ফাইবার তৈরি করা সম্ভব। উৎপাদিত ফাইবার টুপি, ব্যাগ, দড়ি, জুতা এবং পোশাক শিল্পে ব্যবহার করা যাবে। ফাইবার তৈরির পর অবশিষ্ট বর্জ্যও নষ্ট হচ্ছে না—মেশিন থেকে বের হওয়া অংশ বিশেষ জৈব সার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তারা আরও বলেন, এ কার্যক্রম সফল হলে এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। স্থানীয়ভাবে প্রচুর কলা চাষ হওয়ায় কাঁচামালের কোনো সংকটও নেই। ভবিষ্যতে এসব ফাইবার বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।





















