মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ৩ সেপ্টেম্বর ২০২৬ , ৫:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ
‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে মাঠে চল’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উপজেলা প্রশাসন আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
মান্দা উপজেলার আটটি ক্লাবের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বড়পই জাগরণী ক্লাব মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল এবং বড়পই জাগরণী ক্লাবের সভাপতি আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যেই এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
ফাইনাল খেলা উপভোগ করতে সর্বস্তরের ক্রীড়াপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।





















