বিনোদন

ভুল হয়েছে, আবারও হইতে পারে: নোবেল

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০২:৩২ প্রিন্ট সংস্করণ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেপ্তারের একদিন পর জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর নোবেল বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে বোঝেন। আমি একটু হালকা পাগলা ধরনের। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে। সবাই আমাকে ক্ষমা করে দেবেন বলে আশা করি।’

এর আগে, ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়। এছাড়া ওই তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, অন্য আসামিরা এ প্রতারণায় নোবেলকে সহযোগিতা করেছেন।

গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করলে তা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন।

এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকে আসামি করা হয়েছে।

আরও খবর

Sponsered content