মাদারীপুর প্রতিনিধি: ১৩ নভেম্বর ২০২৫ , ১১:১৩:০৭ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের শিবচরে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা চিনি বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের টহল অব্যাহত আছে।”
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।




















