স্টাফ রিপোর্টার | মাদারীপুর ১৬ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটদের প্রদর্শনী, বিজয় দিবসের ভাষণসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















