প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১:৫৭:১৫ প্রিন্ট সংস্করণ
ইউটিউবের দুনিয়ায় বিশাল বাজেটের ভিডিও, চমকপ্রদ আয়োজন আর কোটি কোটি দর্শকের জন্য পরিচিত জিমি ডোনাল্ডসন। বিশ্বজুড়ে যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি অবশ্য ছিল একেবারেই সাদামাটা ও ব্যক্তিগত। দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন ২৮ বছর বয়সী এই ইউটিউবার। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান তিনি।
ছবির সঙ্গে মিস্টার বিস্ট লেখেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। আর এটি ছিল আমার জীবনের সেরা দিন।’
বিশ্বজুড়ে কোটি কোটি ডলারের বাজেটের বিশাল আয়োজন করে ভিডিও বানানোর জন্য পরিচিত হলেও নিজের বিয়েতে সেই পরিচিত জাঁকজমক রাখেননি মিস্টার বিস্ট। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন প্রিয়জনকে নিয়েই ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের পোশাকেও ছিল সরলতা ও আভিজাত্যের মিশেল। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড টোনের ওপর ফুল ও লেসের নকশা করা একটি গাউন। আর মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।
২০২৪ সালের ডিসেম্বরে বাগদান করেছিলেন এই জুটি। বিয়ের প্রস্তাব নিয়েও শুরু থেকেই তাদের পরিকল্পনা ছিল অন্যরকম। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পিপল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছিলেন, তার বন্ধুরা ভেবেছিলেন, হয়তো তিনি সুপার বোউলের মতো বড় কোনো জনসমাগমপূর্ণ জায়গায় বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু জিমি চেয়েছিলেন একেবারেই ব্যক্তিগত ও ঘনিষ্ঠ একটি মুহূর্ত।
দক্ষিণ আফ্রিকায় এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল জিমি ও থিয়ার। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থিয়াকে বার্তা পাঠান জিমি। থিয়ার লেখা বই ‘দ্য মার্কড চিলড্রেন’ পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই সাধারণ কথোপকথনই ধীরে ধীরে রূপ নেয় গভীর সম্পর্কে।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পরই জিমি থিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার জন্য বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা পিছিয়ে দেন।
বিয়ের আগে তাদের সম্পর্ক নিয়ে থিয়া বলেছিলেন, তারা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। ভবিষ্যতে সন্তান এবং ৭০ বছর বয়সে একসঙ্গে জীবন কাটানোর মতো বিষয় নিয়েও তারা নিয়মিত আলোচনা করেন। তার মতে, বিয়ে তাদের সম্পর্কের সম্পূর্ণ নতুন কোনো শুরু নয়, বরং ভালোবাসার সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।





















