বিনোদন

নায়িকাকে সামনে আনলেন সিয়াম

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৩:৪৮ প্রিন্ট সংস্করণ

নিজেকে আড়াল করে নায়িকাকে সামনে এনেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শ্রীলংকা থেকেই প্রকাশ করলেন ‘রাক্ষস’ সিনেমার গানের দৃশ্যের একটি মুহূর্তের ছবি। সেটিই এখন সামাজিক মাধ্যমের সিনেমাসংশ্লিষ্ট গ্রুপগুলোতে আলোচনার জন্ম দিয়েছে। সিয়ামের সঙ্গে সিনেমার নায়িকা হিসেবে রয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

সিনেমার বড় অংশের শুটিং হচ্ছে দেশের বাইরে। বর্তমানে শুটিং ইউনিট শ্রীলংকায়। সেখান থেকেই ঢালিউড নায়ক সিয়াম জানান, দেশের দর্শক এবার নতুন গল্প ও উপস্থাপনা দেখবেন। যে কারণে কোনো ছাড় নয়, টানা শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে দিনরাত। সিয়াম বলেন, ‘আমরা আগে একটি লুক প্রকাশ করেছি। তবে আপাতত লুক প্রকাশ করছি না। এ নিয়ে প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভক্তরা জানতে চান। সে কারণেই চমক হিসেবে নায়িকার লুকটি প্রকাশ করেছি। মূলত এটি গানের দৃশ্যের অংশ। সামনে প্রচারণায় চমক হিসেবে পোস্টার, ট্রেলার, টিজারে এসব লুক প্রকাশ পাবে।’

‘সিনেমার কত ভাগ কাজ শেষ হয়েছে?’ জানতে চাইলে সিয়াম বলেন, ‘আমাদের সিনেমার ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ। এর মধ্যে বেশ কিছু দৃশ্য আমরা চাইলে বাদ দিতে পারতাম। কিন্তু সবই করছি। কোনো ছাড় দিচ্ছি না। আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করছি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কিছু দিতে। ভরসা আছে সেটা পারব।’

সিনেমাটি ঈদুল ফিতরেই মুক্তি পাবে। যে কারণে শুটিংয়ের পরপরই ফুটেজ পৌঁছে যাচ্ছে সম্পাদনার টেবিলে। এগিয়ে চলছে পোস্টের কাজ। জানা যায়, এই শুটিং ইউনিট ৫ ফেব্রুয়ারি দেশে ফিরবে। দেশের অংশের শুটিং শেষ হবে ফেব্রুয়ারির মাঝামাঝি। তার পরই ঈদ সামনে রেখে শুরু হবে প্রচারণার পর্ব। গত বছরের শেষের দিকে ঢাকায় শুরু হয় সিনেমাটির শুটিং। পরে দেশের বাইরে চলে যায় টিম। সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।