প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ৫:৩২:৪৭ প্রিন্ট সংস্করণ
সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুলা আলোচনা-সমালোচনা। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ শিরোনামের একটি রোমান্টিক গান; পরিণত হয়েছে প্রতিবাদের ভাষা হিসেবে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় এই গানের শিল্পী মেজবাহ রহমান। তার মতে, ভিডিওটিতে কোনো নেতিবাচক বা অনৈতিক বিষয় ছিল না। তাই এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও উচিত হবে না।
মেজবাহ রহমানের কথায়, ‘এটা বর্ষা ও প্রকৃতির একটি চিরন্তন গান। ১৯৮৯ সালে আমরা গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে মানুষ প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে অন্যরকম অনুভূতির।’
শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের সমাজে বিশেষ মর্যাদা রয়েছে। তবে এই রিল ভিডিও নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, তা কাম্য নয়। আমি এখানে কোনো নেতিবাচক বা অনৈতিক কিছু দেখিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনেরই অংশ। একটি ভিডিওর একপাশ দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’
সবশেষে মেজবাহ রহমান বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটি সঠিক হবে না। বিষয়টিকে নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো আপত্তিকর ভিডিও ছিল না।’
এদিকে, শিক্ষিকার ভাইরাল রিলের ঘটনায় বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মেজবাহ রহমান জনপ্রিয় ব্যান্ডদল ডিফারেন্ট টাচ’র প্রধান কণ্ঠশিল্পী। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ১৯৮৭ সালের এক শ্রাবণে খুলনায় লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু।















