প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ১:২২:০৬ প্রিন্ট সংস্করণ
সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ অরহান অবত্রামানি, যিনি ‘ওরি’ নামে বেশি পরিচিত, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন তারকা-সমাবেশ ও পার্টিতে তার উপস্থিতি নিয়মিত দেখা যায়। তবে অনেকেরই প্রশ্ন তিনি আসলে কী করেন এবং কীভাবে তার আয় হয়?
সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের জীবনযাপন ও আয়ের উৎস নিয়ে খোলামেলা কথা বলেন ওরি। সেখানে তিনি দাবি করেন, শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া রিল থেকেই তিনি প্রায় ৭৬ লাখ টাকা আয় করেছেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক আলোচনা ও বিস্ময়।
আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন করা হলে ওরি জানান, তার প্রধান আয়ের জায়গা বিভিন্ন ইভেন্টে উপস্থিত থাকা এবং তথাকথিত ‘পেইড ফ্রেন্ডশিপ’। অর্থের বিনিময়ে তাকে বিভিন্ন অনুষ্ঠান, যেমন লাঞ্চ, ডিনার, জন্মদিন বা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
তার ভাষায়, নির্দিষ্ট ফি পরিশোধ করলে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকেন, মানুষের সঙ্গে মিশেন, ছবি তোলেন এবং বন্ধুর মতো আচরণ করেন। এটিকে তিনি এক ধরনের ‘এক্সপেরিয়েন্স’ হিসেবে বর্ণনা করেন, যা মানুষ কিনে নিতে পারে।
পডকাস্টে জনপ্রিয়তা নিয়েও মন্তব্য করেন ওরি। হালকা মজার ছলে তিনি দাবি করেন, ভারতে সবচেয়ে বেশি চেনা পোজের দুই ব্যক্তি হলেন শাহরুখ খান এবং তিনি নিজে যা সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এ ছাড়া তিনি আরও জানান, তার আর্থিক বিষয়গুলো এখনও তার বাবা-মায়ের তত্ত্বাবধানে রয়েছে এবং ভবিষ্যতেও সেটি তাদের হাতেই থাকবে।














