বিনোদন

টেলর সুইফট–ট্র্যাভিস কেলসের বাগদান, ভক্তদের জন্য গুগলের বিশেষ চমক

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:১৪:১৮ প্রিন্ট সংস্করণ

দুই বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বাগদান সম্পন্ন করলেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের জানান টেলর সুইফট। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।”

সবুজ গাছপালা ও ফুলে ঘেরা মনোরম পরিবেশে তোলা ছবিগুলোতে দেখা যায়, দুজনেই আনন্দে উচ্ছ্বসিত। আংটিটি কেলসে সুইফটকে উপহার দিয়েছেন নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি–এর ডিজাইনার কিনড্রেড লুবেক।

বাগদানের খবর প্রকাশের পরপরই গুগলে টেলর সুইফটের নাম সার্চ করলে কনফেটি ঝরে পড়তে দেখা যায়—যা ভক্তদের জন্য বাড়তি চমক হয়ে আসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে অভিনন্দন জানান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন—“কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেলর অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।”

২০১৩ সালে জুটি হিসেবে প্রথমবার আলোচনায় আসেন সুইফট–কেলসে। টেলরের এরাস ট্যুর কনসার্টে কেলসের উপস্থিতি, পরে এনএফএল খেলার মাঠে টেলরের অংশগ্রহণ, আবার স্যাটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাজির হওয়া—সব মিলিয়েই তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্যে আসে।

২০২৪ সালের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়ে পড়ে। এমনকি সুইফট তার জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দেন।

বাগদান সম্পন্ন হওয়ার পর ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ের আসরে বসবেন এই তারকা জুটি।