প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৫:৫১:৫৫ প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি, বনানী (ঢাকা): রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী জামাল হোসেন (৪০) মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি মৃত আব্দুল মুন্নাফের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বনানী থানাকে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে। বনানী থানাধীন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে চা খেতে বের হন জামাল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মুখোশ পরা দুই অজ্ঞাত ব্যক্তি দূর থেকে তার দিকে গুলি ছোড়ে। একটি গুলি তার ডান চোখের পাশে ও মাথায় বিদ্ধ হয়। লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেকে ভর্তি করা হয়।
তিন দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পেছনে সম্ভাব্য নির্বাচনী দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া গেছে। জামাল হোসেনের ভাই জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, “সামনে হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন। আমার ভাই আবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু কিছু লোক তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি দিচ্ছিলেন। আমাদের ধারণা, এ কারণেই তাকে গুলি করা হয়েছে।”
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি বনানী থানা পুলিশ। অভিযুক্ত দুই অজ্ঞাতনামা হামলাকারীকে শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান চলছে।




















