প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ১:৪৮:৩৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়া জামায়াতের প্রত্যেক কর্মীর নৈতিক দায়িত্ব।’
আজ শনিবার সকালে বরিশালে বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনসেবাকে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে গ্রহণ করতে হবে। মানবিকতা, ন্যায়বিচার ও মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়েই একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় শক্তি। তাই মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে।
পথসভায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা এলাকায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং ডাসার উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম।
এছাড়া কালকিনি পৌর মেয়র পদপ্রার্থী হাসান জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাকির হোসেন মোল্লা, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামসহ কালকিনি ও ডাসার উপজেলা এবং পৌর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা পথসভায় অংশ নেন।
উল্লেখ্য, বরিশালের বিভাগীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে আয়োজিত এ সংক্ষিপ্ত পথসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মহাসড়কের দুই পাশে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।















