প্রতিনিধি ১৮ জুলাই ২০২৬ , ৬:৪৬:১৮ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে একদল ব্যক্তি। এ সময় ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও টাকা লুটের পর বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে এ হামলার নেতৃত্ব দেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এর পর থেকে তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধ মা বাড়িতে থাকতেন। তবে চিকিৎসার জন্য তারা বর্তমানে ঢাকায় অবস্থান করায় ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।
এ বিষয়ে কথা বলতে মিজানুর রহমান লাভলুর মোবাইলে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে তার ভাই কাজী মশিউর রহমান বাবলু আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দের কাছে সাহায্য চেয়ে আকুতি জানিয়েছিলেন উল্লেখ করে পোস্ট দেন।
সেখানে তিনি অভিযোগ করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই শাহীন চৌধুরী, হাওলাদার পলাশ, হাওলদার মনির খন্দকার, সুমন তালুকদার মহাসিন মেম্বর, ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে বুলডোজার দিয়ে রাতভর তান্ডব চালিয়ে ভাঙচুর করে বাড়িতে থাকা মালামাল লুট করে। লুটপাট শেষে হামলাকারীরা বাড়িতে অগ্নিসংযোগ করে চলে যায়।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টা শুনেছি। তবে কি হয়েছে বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, ‘মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলীতে একটি বসত বাড়ীতে কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে এমন সংবাদ পেয়ে সকাল ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।’
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল জানান, ‘আমি বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিস এবং পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’





















