সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে এনসিপির বিক্ষোভ মিছিল

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১২ মে ২০২৬ , ৯:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ

টঙ্গী পূর্ব থানা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে এনসিপির গাজীপুর শাখার ফেসবুক পেজে মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত টঙ্গী পূর্ব থানা কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, বিকেল ৬টার দিকে টঙ্গী পূর্ব থানার সদ্য ঘোষিত কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় সাহারা মার্কেট থেকে শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফারুক হোসেন ও আহ্বায়ক সদস্য সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

ঘোষিত ২৬ সদস্যবিশিষ্ট টঙ্গী পূর্ব থানা কমিটিতে কামাল হোসেন-কে আহ্বায়ক এবং মঈন আহাম্মেদ-কে সদস্য সচিব করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য রাখা হয়েছে।

সদস্য সচিব মঈন আহাম্মেদ বলেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করে যাব। অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার আহ্বান জানাই। অন্যথায় নেতৃবৃন্দের নির্দেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

আরও খবর

Sponsered content