সারাদেশ

টঙ্গীতে লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু, লরি জব্দ

  ​গাজীপুর প্রতিনিধি: ২৬ জুন ২০২৬ , ১২:১৭:০৪ প্রিন্ট সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত সিয়াম টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার বাসিন্দা রফিক মিয়ার সন্তান। তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে চেরাগআলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির তেলবাহী লরির (ঢাকা মেট্রো- ঢ ১২-০০৬৯) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরির চাকায় পিষ্ট হয়ে তার শরীরের কোমরের নিচ থেকে মারাত্মকভাবে থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক লরিটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান।

​এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক লরিটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটকের জোর চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

​তরুণ সিয়ামের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content