কাজী সোহাগ ,নিজস্ব প্রতিবেদক ২৭ জুন ২০২৬ , ১:১৫:১৫ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় অবস্থিত বায়তুল জান্নাত জামে মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদের পবিত্রতা, স্থাপনার নিরাপত্তা এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত আবেদন করেছেন মসজিদ কর্তৃপক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ ও ইবাদতের জন্য প্রতিষ্ঠিত বায়তুল জান্নাত জামে মসজিদের জমি ওয়াকফ করেছিলেন স্থানীয় বাসিন্দা মো. কাউছার দেওয়ানের পিতা ও চাচারা। বর্তমানে মসজিদটির মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আহসান হাবিব।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, গত প্রায় এক মাস ধরে স্থানীয় জামাল দেওয়ান (৬৫), নূর হোসেন দেওয়ান (৪২), রহিম দেওয়ান (৪৫), কবির হোসেন দেওয়ান (৫২) এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি মসজিদের নিচ দিয়ে ময়লার পাইপলাইন স্থাপনের চেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা আপত্তি জানালেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী মো. কাউছার দেওয়ান দাবি করেন, পাইপলাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে ঘটনাস্থলে আনা হয়েছে এবং মসজিদের দেয়ালসংলগ্ন স্থানে খননকাজও শুরু হয়েছে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি স্থানীয় কয়েকটি মাদ্রাসা কর্তৃপক্ষকেও লিখিতভাবে অবহিত করা হলেও সংশ্লিষ্টরা কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে দাবি করা হয়েছে।
মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।




















