সাতক্ষীরা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ২:৫৩:৪৩ প্রিন্ট সংস্করণ
সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কার প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ চলাকালে নেতাকর্মীদের চাপে অস্থায়ী মঞ্চের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ভোমরা স্থলবন্দর ব্যবহার করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো পথ খোলা নেই। সীমান্তে যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে এইচ এম রাহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বলেন, দেশের প্রতিটি সীমান্ত পয়েন্টে ছাত্র-জনতা সতর্ক অবস্থানে রয়েছে। ফলে সীমান্ত পথে কারও অনুপ্রবেশের সুযোগ নেই।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাধারণ সম্পাদক তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, তাজকিন আহমেদ চিশতি ও মনিরুজ্জামান।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, বিএনপি নেতা আয়ুব হোসেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য ও মৎস্যজীবী দলের নেতা বাবলুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।





















