সারাদেশ

গ্রেপ্তার ও ভাঙচুরের অভিযোগের মধ্যে কলাপাড়া-মহিপুরে বিএনপির বিক্ষোভ

  পটুয়াখালী প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:৪৭:০৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে মহিপুর থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চার কিশোর রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুয়াকাটার যুবলীগ নেতা সাদ্দাম সিকদার (৩২), লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াজ (৫০), ওয়ার্ড যুবলীগ সভাপতি জামাল হাওলাদার (৫৬), যুবলীগ নেতা মজিবর হাওলাদার (৫২) এবং চার কিশোর—তানভীর (১৭), মেশকাত (১৭), আরাফাত (১৬) ও সানাউল (১৭)।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে মহিপুর থানার ইউসুফপুর এলাকায় মশাল নিয়ে মিছিল করার সময় কয়েকজনকে আটক করা হয়। এ ছাড়া বাকিরা নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি। রোববার (২৯ নভেম্বর) তাঁদের কলাপাড়া আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে শনিবার রাতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয় এবং বাধা দিলে তাঁর স্ত্রী ও বোনকে লাঞ্ছিত করা হয় বলে দাবি করেছেন মহিবুল্লাহ পাটোয়ারী। এ ছাড়া মহিপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলামের ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে কলাপাড়া পৌর শহরের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মুহিববুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও আওয়ামী লীগ নেতা সালাম সরদারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এসব ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আরও খবর

Sponsered content