প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১:৫২:১৫ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আরও পাঁচজন।
আজ মঙ্গলবার ভোর উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন ও আলাল মুন্সির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ এলাকার ওসমান মেম্বার ওসমান মিয়ার ছেলে এবং নাজিম উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বার। মঙ্গলবার ভোরে স্পিডবোটে নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে ভাড়াটিয়া অস্ত্রধারীদের সহযোগিতায় নাজিম উদ্দিনের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায় আলাল মুন্সির অনুসারীরা। এরই জেরে নাজিম উদ্দিনের সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শুরু হওয়া সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে হরিপুর ও দড়িগাঁ এলাকায়। এ সময় বেশ কয়েকজনকে বুলেটপ্রুপ জ্যাকেট, হেলমেট পরে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে।
এ সময় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু ও মোবারকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের তিনজনকেই ঢাকায় পাঠানো হয়। সেখানেই মারা যান অনিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘নাজিম উদ্দিন ও আলাল মুন্সির গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই অংশ হিসেবে আজ ভোর থেকেই আগ্নেয়াস্ত্র এবং দেশিয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, র্যাব, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




















