কুড়িগ্রাম প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ৩:৩৮:১০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রুমা বেগম ওরফে রুমা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাশের কক্ষ থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে স্থানীয় কয়েকজনের সহায়তায় ওই বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
গ্রেপ্তার নারী উপজেলার বড় খাটামারী এলাকার গোলাম রব্বানীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার নারী ও তাঁর স্বামী ওই বাসা ভাড়া নিয়ে মাদক মজুত করতেন বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। সীমান্ত থেকে সংগ্রহ করা মাদক সেখানে রেখে পরে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো বলে দাবি করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হচ্ছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।





















