সারাদেশ

চুনারুঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ

  নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১১:২৭:২২ প্রিন্ট সংস্করণ

“জ্ঞান-বিজ্ঞানই বাংলাদেশ গড়বে” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাউছার শুকরানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “বিজ্ঞানচর্চা বাড়লে দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। স্কুল পর্যায়ে নিয়মিত বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন।”

অ্যাডভোকেট মীর সিরাজ আলী এ আয়োজনকে ব্যতিক্রম উদ্যোগ হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও নানা প্রতিযোগিতায় অংশ নেয়।

আরও খবর

Sponsered content