সারাদেশ

ইসলামী শাসন প্রতিষ্ঠায় হাতপাখার বিকল্প নেই: চরমোনাই পীর

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১০:০৪:৪২ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মুফতি গোলাম মাওলা ভূঁইয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে শরিয়া আইন চালু করতে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বলেছেন, ‘দেশে ইসলামী শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।’

গতকাল রোববার রাত ৮টায় ফুলপুরে আমুয়াকান্দা বাজার মোড় সিএন্ডবি বালুরমাঠে মুফতি গোলাম মাওলা ভূইয়ার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশই হলো প্রকৃত ইসলামের আদর্শভিত্তিক একমাত্র রাজনৈতিক দল। নামধারী অনেক ইসলামী দল থাকলেও তারা প্রকৃত ইসলামের পতাকা বহন করে না।’

এ সময় ইসলামের আদর্শ বাস্তবায়নের কথা বলে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করেছে বলে অভিযোহ করেন চরমোনাই পীর। তার ভাষায়, ইসলামের নাম ব্যবহার করে তারা বিশ্বাসভঙ্গ করেছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমবলেন, ‘মা-বোন ও বয়োজ্যেষ্ঠদের একবারের জন্য হলেও হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ-২ আসনের হাতপাখার প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তাকে নির্বাচিত করলে ফুলপুর-তারাকান্দাবাসী একজন যোগ্য প্রতিনিধি পাবে ইনশাআল্লাহ।’

পথসভা শেষে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ময়মনসিংহ-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার হাতে প্রতীকীভাবে ‘হাতপাখা’ মার্কা তুলে দেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলপুর শাখার উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীনসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content