জবি প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৬ , ১:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ
সংগঠনবিরোধী কার্যকলাপ, শৃঙ্খলা ভঙ্গ এবং প্রভাব খাটিয়ে ফুডকোর্ট পরিচালনার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ থেকে মো. নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, সংগঠনের নাম ও প্রভাব ব্যবহার করে ফুডকোর্ট পরিচালনা এবং শৃঙ্খলা পরিপন্থী আচরণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে জবি প্রেসক্লাবের ২০২৫–২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামত এবং উপদেষ্টামণ্ডলীর চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে তাকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে মো. নজরুল ইসলামের আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। সংগঠনের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হয়েছে।




















