নিজস্ব প্রতিবেদক: ৬ এপ্রিল ২০২৬ , ২:১১:০৭ প্রিন্ট সংস্করণ
পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারপ্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, সরকার নিয়মিতভাবে ইলিশ রপ্তানি করে না। ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা সৌজন্য হিসেবে দেওয়া হয়।
তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উৎপাদন বৃদ্ধি পেলে সরবরাহ বাড়বে এবং এর ফলে বাজারে দাম কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।
জাটকা সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ থেকে সবাইকে বিরত থাকতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।




















