আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও যুবদল নেতা মামুন শিকদারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মামুন শিকদার এবং পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় বক্তব্য দিতে গিয়ে মামুন শিকদার বলেন, “আপনাদের আন্তরিক সাড়া, ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। জনগণের দোয়া ও বিএনপির মনোনয়ন পেলে আসন্ন পৌর নির্বাচনে অংশগ্রহণ করবো। নির্বাচিত হলে কালকিনি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবো।”
তিনি আরও বলেন, পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।
এ সময় বক্তারা কালকিনি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদার।
উল্লেখ্য, মামুন শিকদারকে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিত বলে জানা যায়। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।