সারাদেশ

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

  প্রতিনিধি ২৭ জুন ২০২৬ , ২:০০:৪৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। এ সময় বিজিবি তাদের শক্তভাবে প্রতিহত করে। একপর্যায়ে জিরো লাইন থেকে তাদের ভারতের অভ্যন্তরে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। বিজিবিকে সর্বাত্মক সহায়তা করে সীমান্তবর্তী গ্রামের সাধারণ লোকজন।

আজ শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বেশকিছু সংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে সিকিউরিটি লাইট বন্ধ করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতা পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে তাদের প্রচেষ্টা জিরো লাইনে প্রতিহত করে। একপর্যায়ে তারা তাদের লোকজনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়।

বিজিবি ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আরও খবর

Sponsered content