হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ৮:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ
আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুধা রাণী (৪৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও বোন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধা রাণী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন তার ছেলে সারজেন সিংহ এবং ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বাসিন্দা মেজানি রানী, যিনি বিনত সিংহের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুধা রাণী, তার ছেলে ও বোন মোটরসাইকেলে করে ভাগ্নির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের অতিথি আনতে নেকমরদের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধা রাণীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ও বোনকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আহত মেজানি রানীর স্বামী বিনত সিংহ বলেন, “আমার স্ত্রী, শ্যালিকা ও ভাগ্নে বিয়ের অতিথি আনতে যাচ্ছিল। কে জানত, আনন্দের সেই পথই আমাদের জীবনে এমন নির্মম শোক বয়ে আনবে।”
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















