সাঈদ ইবনে হানিফ ২৭ জুন ২০২৬ , ১১:২৭:১৭ প্রিন্ট সংস্করণ
যশোরের খাজুরা এলাকায় ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হুমায়ন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীর বটতলা মোড়ে খাজুরা-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ন স্থানীয় ইছালী ইউনিয়নের গাওঘারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, একই ইউনিয়নের রাজাপুর গ্রামের জহুরুলের ছেলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ (২২), মোটরসাইকেলের আরোহী রিফাত (১৭), তিনি মাহাবুরের ছেলে এবং বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের আলমগীরের মেয়ে ও ভ্যানের যাত্রী মেঘলা (২৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার পালসার ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে খাজুরা বাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ব্যাটারিচালিত ভ্যানটি খাজুরা বাজারের দিকে আসছিল। এ সময় হুমায়ন ডিসকাভার ১০০ সিসির মোটরসাইকেল চালিয়ে এনায়েতপুর-আন্দোলপোতা সংযোগ সড়ক থেকে খাজুরা-কালীগঞ্জ সড়কে উঠতে গেলে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় হুমায়নের মৃত্যু হয়।
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন ও সংশ্লিষ্ট আলামত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















