২০২৫ সালের ঈদুল আযহা উপলক্ষে ওমান সরকার ছুটির তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ঈদুল আযহা পড়বে ৬ জুন (শুক্রবার) তারিখে।
ওমানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেলে পরদিন ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ১০ জিলহজ তথা ৬ জুন ঈদুল আযহার দিন নির্ধারিত হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটি থাকবে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত। সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের সকল কর্মচারীরা এই ছুটি উপভোগ করতে পারবেন। ছুটির পরে কর্মস্থলে পুনরায় যোগদান হবে ১০ জুন, মঙ্গলবার।
ওমানে ঈদুল আযহা সাধারণত ত্যাগ ও কোরবানির মহিমা নিয়ে উদযাপন করা হয়। প্রবাসী বাংলাদেশিরাও এই দিনটিকে উৎসবের আমেজে পালন করেন। স্থানীয় কসাইখানায় পশু কোরবানির পাশাপাশি অনেক প্রবাসী নিজেরাই কোরবানি দেন এবং তা ভাগ করে নেন আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে।
ধর্মীয় এই উৎসব ঘিরে বাজারে কোরবানির পশু, মসলা ও রান্নার উপকরণের চাহিদা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। পুলিশ ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।