বিনোদন

মক্কার পবিত্র ভূমি থেকে তরুণদের কী বার্তা দিলেন রাখি সাওয়ান্ত

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১১:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এবার শুধু নিজের জন্য নয়, দেশ ও দেশের তরুণ প্রজন্মের জন্যও প্রার্থনা করলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার প্রার্থনায় উঠে এসেছে দেশের নিরাপত্তা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান এবং তরুণদের সুন্দর ভবিষ্যতের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। দেশের নিরাপত্তার জন্য প্রার্থনা করে রাখি বলেন, ‘হে ঈশ্বর, আমার দেশকে রক্ষা করো।’ একই সঙ্গে যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে, তাদের প্রভাব থেকেও দেশকে রক্ষা করার আবেদন জানান তিনি।

দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি এবং নতুন প্রজন্মের জন্য আরও ভালো সুযোগ তৈরির কামনাও করেছেন রাখি। তার প্রার্থনায় ছিল তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়টি। দেশের রাজনৈতিক নেতাদের নিয়েও প্রার্থনা করেন তিনি। মন্ত্রী ও জনপ্রতিনিধিরা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন এমনই কামনা তার। তবে শুধু শিক্ষা কিংবা চাকরির সুযোগ নয়, তরুণদের ‘সম্মান ও মর্যাদা’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাখি। কোনও তরুণ-তরুণী যেন অপমান, হেনস্থা বা সামাজিক চাপের শিকার না হন সেই প্রার্থনাও করেছেন তিনি।

এ প্রসঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথাও উল্লেখ করেন রাখি। জানা যায়, এক কিশোরের আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির পর একটি পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেন। এই ঘটনার উল্লেখ করে রাখি বলেন, এমন মর্মান্তিক ঘটনা যেন আর কখনও না ঘটে।

কী বিশেষ প্রার্থনা করলেন রাখি?

তরুণ প্রজন্মের উদ্দেশে তার বার্তা, দামি কোনও জিনিস পাওয়ার জন্য বাবা-মায়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়। আইফোন হোক কিংবা অন্য কোনও বিলাসবহুল পণ্য সেটির জন্য যেন সন্তানরা কখনও বাবা-মাকে কষ্ট না দেন। বরং নিজের ভবিষ্যত নিজের হাতে গড়ে তোলার এবং নিজের উপার্জনে নিজের প্রয়োজন পূরণের চেষ্টা করা উচিত বলে মনে করেন তিনি।

নিজের ধর্মীয় পরিচয় নিয়েও এর আগে কথা বলেছেন রাখি। তিনি জানিয়েছিলেন, জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীতে খ্রিস্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেন। পাশাপাশি সব ধর্মের প্রতিই তার শ্রদ্ধা রয়েছে বলেও একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী।

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তাই এবার তার প্রার্থনায় শুধু ব্যক্তিগত জীবনের কথা নয়, বরং উঠে এসেছে দেশ, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। শিক্ষা, কর্মসংস্থান, সততা, নিরাপত্তা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ সবকিছু নিয়েই নিজের বার্তা দিয়েছেন রাখি সাওয়ান্ত।