প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৬ , ১:০২:১৪ প্রিন্ট সংস্করণ
বগুড়া শহরে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। ইতিমধ্যেই সেখানে সংগীতের মিলনমেলায় পরিণত হয়েছে। গতকাল সোমবার উন্মুক্ত মাঠজুড়ে তৈরি বিশাল মঞ্চে হয়েছে মহড়া আর সেখানে যেন ছিল তারকাদের ঢল।
গতকাল আয়োজনকে ঘিরে শুধু বিনোদন অঙ্গনের নয়, রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকায় পুরো পরিবেশ পেয়েছে এক ভিন্ন মাত্রা। সংশ্লিষ্টরা এই আয়োজনকে অভিহিত করছেন ‘অভূতপূর্ব’ তারকাসমাগম হিসেবে।
এরই মধ্যে দেখা গেছে উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে। আজকের মূল অনুষ্ঠানে তিনিও থাকবেন। গতকাল সন্ধ্যার পর মহড়ার ফাঁকে তার সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় লোকগানের জনপ্রিয় শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে।
এবারের আয়োজনে কাঙ্গালিনী সুফিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। আয়োজনে অংশ নিতে গতকাল দুপুরেই মেয়ে পুষ্প এবং নাতনি শিল্পীকে নিয়ে বগুড়ায় গিয়েছেন লোকগানের এই শিল্পী।
এদিন সন্ধ্যার পর রুনা লায়লাকে পেয়ে কাঙ্গালিনী সুফিয়া গেয়ে শোনান তার জনপ্রিয় গান ‘মাটির গাছে লাউ ধইরাছে’। গান শেষে প্রশংসায় ভাসান রুনা লায়লা। কাঙ্গালিনীর গান কেমন লাগলো?
উপস্থিত সংবাদকর্মীদের প্রশ্নে রুনা লায়লা বলেন, ‘উনার গান তো অনেক দিন ধরেই শুনছি। দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।’
এই সময় সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আয়োজক সংশ্লিষ্ট ব্যক্তিরাও।
সব মিলিয়ে, মূল আয়োজনের আগেই বগুড়ার মমো ইন প্রাঙ্গণে জমে উঠেছে উৎসবের আবহ। এখন অপেক্ষা শুধু জমকালো মূল অনুষ্ঠানের, যেখানে এক মঞ্চে মিলিত হবেন দেশের সংগীতাঙ্গনের তারকারা।
বলা দরকার, বাংলা গানের ঐতিহ্য আর আধুনিকতার এক বর্ণিল মেলবন্ধন নিয়ে আবারও ফিরছে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কনকচাপা আর বাংলা লোকসংগীতে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে কাঙ্গালিনী সুফিয়াকে।





















