আন্তর্জাতিক

কুমিল্লায় রডবোঝাই ট্রাক ডাকাতি: কবিরহাটে যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২

  নোয়াখালী প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

কুমিল্লার চৌদ্দগ্রামে রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় নোয়াখালীর কবিরহাট থেকে যুবদল কর্মী সোলেমান সুজন (৩৫) ও তার সহযোগী আবু ছয়েদ (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–ফেনী মহাসড়কের কুমিল্লার বাবুর্চি বাজার এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাকটির গতিপথ রোধ করে চালক ও হেলপারকে বেঁধে ফেলে ডাকাতরা। পরে ট্রাকটি নিয়ে তারা কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়।

টহলরত পুলিশ চালক ও হেলপারকে সন্দেহজনক অবস্থায় পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির বিষয়টি জানান। মালিকপক্ষের সহায়তায় ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকের অবস্থান শনাক্ত করা হয়। রাতেই সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সোলেমান সুজন সুন্দলপুর গ্রামের নীরা মিয়া বাড়ির হাফিজুর রহমান ওরফে আনন্দ মাস্টারের ছেলে এবং আবু ছয়েদ কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গাড়িওলাগো বাড়ির ওমর আলীর ছেলে।

সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ দাবি করেন, “সুজন যুবদলের কোনো পদে নেই, আগে সে ছাত্রলীগ করত। ৫ আগস্টের পর নিজেকে যুবদলের সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছে।”

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুরুল আহমদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রডসহ ট্রাক ডাকাতির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

আরও খবর

Sponsered content